দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির মাত্র ৬ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই-ভাতিজাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজন ও স্থানীয়দের ভাষ্যমতে, মুছাম শেখের দাদির রেখে যাওয়া ৬ শতাংশ জমি তার চাচাতো ভাই মৃত আতাহার শেখের ছেলে হাবিল শেখের দখলে রয়েছে। এ নিয়ে তাদের ভাই, ভাতিজা, স্বজন ও সমর্থকরা দেশীয় অস্ত্র, ইটপাটকেল নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে মুছাম শেখ পক্ষের আহতরা হলেন- কসবা গ্রামের মৃত মোহাম্মদ প্রামাণিকের ছেলে মুছাম শেখ (৫০), তার ছেলে পরাণ শেখ (২২), মজনু প্রামাণিক (৪৬), তার ছেলে ইমন প্রামাণিক (২০) ও সুমন প্রামাণিক (২২), রাশিদুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২৭), কামাল হোসেনের ছেলে নাজমুল হোসেন (৩২) ও শরিফ বিশ্বাসের ছেলে রিশাদ আলী (১৯)।
আর প্রতিপক্ষের আহতরা হলেন- হাবিল শেখের স্ত্রী লিপি খাতুন (৪৫), তার ছেলে আসিফ (২২), আনছার আলীর স্ত্রী রাশিদা খাতুন (৩৭), ফারুক শেখ (৩৫), তার ছেলে সিজানুর রহমান (২২), আব্দুর রহমানের ছেলে আসিফ হোসেন (২৩), রেজন শেখের ছেলে শাহিন শেখ (৩০) ও সাজিত হোসেনের ছেলে আকাশ হোসেন (২৩)।
পুলিশ, স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুছাম শেখের দাদির প্রায় ৬ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন তার চাচাতো ভাতিজা হাবিল শেখ।
সম্প্রতি সেই জমি হাবিল অন্যত্র বিক্রির জন্য ক্রেতা ঠিক করেন। কিন্তু ওই জমির বৈধ কাগজপত্রাদি না থাকায় জমি বিক্রি থেমে যায়। তখন বিষয়টি জানাজানি হলে মুছাম শেখ জমি বুঝে নিতে চান। এ নিয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন উত্তেজনা চলছিল। এরপর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মুছাম তার লোকজন নিয়ে জমি পরিমাপ করতে যান। তখন হাবিলদের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে সন্ধ্যার আগমুহূর্তে ইটপাটকেল নিক্ষেপ করতে করতে লাঠি, ঢাল, সরকি, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তারা কুমারখালী ও কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ‘জমি নিয়ে বিরোধে কসবার অন্তত ১৬ জন আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ১২ জনকে কুষ্টিয়া রেফার্ড করা হয়েছে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘সামান্য জমি নিয়ে চাচাতো ভাই-ভাতিজারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে এলাকা শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
/অ